শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরণের ঘটনায় অন্তত চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত প্রায় পৌনে ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা শত শত মানুষ প্রাণভয়ে ছোটাছুটি শুরু করলে হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আরও কয়েকজন আহত হন।

দগ্ধদের মধ্যে রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭) নামে তিনজনের পরিচয় জানা গেছে। তাদের শ্রীপুরের আলহেরা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের সামনে স্থাপিত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের সাহিদ সুপার মার্কেটে আগুন ধরে যায়। আগুনের ফুলকি ছিটকে পড়ে কয়েকজন দগ্ধ হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া বলেন, “হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানপাটে থাকা মানুষজন আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। অনেকেই দোকান ফেলে রাস্তায় বেরিয়ে আসেন। এতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।”