ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় কনসালটেশন জোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ, এস, এম, মামুন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহানুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন, হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন রিসিপশন ইনচার্জ মো. ফারুক হোসেন। আলোচনা সভায় হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট, স্বাধীনতার মূল লক্ষ্যের আলোকে বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থানে থেকে সকলকে ভূমিকা রাখার আহবান জানান। ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা বিভিন্ন জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক দিবসে সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত জাতিসংঘ শিশুপার্কে এবং সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালে ফ্রি ডায়াবেটিস চেক আপ করা হয়। ক্যাম্পে আগত শতাধিক রোগীকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।