বরিশাল অফিস
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২১৯তম শহীদ জসিম উদ্দিন হাওলাদারের পিতা, বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া নিবাসী আব্দুর রাজ্জাক হাওলাদার (৭৫) গত মঙ্গলবার বেলা ১১:৫০ মিনিটে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। ১৭ই মার্চ রাত ১০টায় মরহুমের নিজ বাড়িতে জানাযা সম্পন্ন হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক রিয়াজুল ইসলাম, বরিশাল মহানগর সভাপতি নেয়ামুল হাসান নাঈম, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী প্রমুখ নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তার ছোট ছেলে শহীদ জসিম উদ্দিন হাওলাদার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদস্য ও মিরপুর পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় স্বৈরাচারী হাসিনা সরকারের পুলিশের গুলিতে তিনি শাহাদাতবরণ করেন।
শহীদ পিতার এই ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব আব্দুর রাজ্জাক হাওলাদার ছিলেন এক অবিনাশী আদর্শের ধারক, দ্বীনের প্রয়োজনে তিনি তার কলিজার টুকরো সন্তানকে উৎসর্গ করেছেন। শহীদ জসিম উদ্দিনের মতো একজন জানবাজ মুজাহিদের এই গর্বিত পিতার বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। আমি আল্লাহ তায়ালার দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং পরকালে তার শহীদি সন্তানের সাথে মিলিত হওয়ার তাওফিক দেন।