দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুরানপুর গ্রামে একটি সেতু এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। ঝাউতলী চৌরাস্তা মোড় থেকে পাঁচগাছিয়া সড়কের ওপর অবস্থিত প্রায় তিন দশক আগে নির্মিত এই সেতুটির মাঝখানের অংশ ভেঙে গেছে অনেক আগেই। তবুও প্রতিদিন অসংখ্য মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, সেতুর ভাঙা অংশে বস্তার মধ্যে বালি ভরে অস্থায়ীভাবে ঢেকে রাখা হয়েছে। দূর থেকে দেখে ভাঙা অংশ বোঝার উপায় নেই। ফলে নতুন চালক বা বাইরের লোকজন বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এটি এখন আর সেতু নয়-যেন এক নীরব মরণফাঁদ।

সেতুর পাশেই বসবাস করেন জয়নব বিবি। প্রতিদিনের দুর্ঘটনার দৃশ্য তাঁর কাছে নতুন কিছু নয়। কিছুদিন আগে একটি অটোরিকশা ভাঙা অংশে পড়ে গেলে কয়েকজন যাত্রী আহত হন। ঘটনাটি স্মরণ করে তিনি বলেন, “যাত্রীদের চিৎকার শুনে আমরা ঘর থেকে ছুটে যাই। বরফ এনে ব্যথা কমানোর চেষ্টা করি, মাথায় পানি দিই। সবাই তখন খুব আতঙ্কে ছিল।” গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, বহু বছর আগে নির্মিত সেতুটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।

স্থানীয়দের সহযোগিতায় তিনি পাঁচ-ছয়বার অস্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নিয়েছেন। কিন্তু স্থায়ী সমাধানের জন্য বারবার উপজেলা কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাঁর ভাষায়, “ইঞ্জিনিয়াররা এসে দেখে যান, আশ্বাস দেন। কিন্তু বাস্তবে কাজের অগ্রগতি আমরা দেখতে পাইনি।”