ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের কামাল উদ্দিনের ছেলে আইয়ুব নবী তারেক(২৮) কে পরকীয়া প্রেমের জেরে হত্যার অভিযোগ উঠেছে। তারেক ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণের ভাষ্য মতে, নিহত তারেকের সাথে প্রতিবেশী নাহিদের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারই জেরে অভিযুক্ত নাহিদ, সাঈদ, নিলয় ও নাহিদের স্ত্রী নিরু মিলে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে। একই অভিযোগ নিহতের পিতা কামাল উদ্দিনও করেছেন। এলাকাবাসীর ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকা-টি সংঘটিত হয়ে থাকতে পারে। একই বাড়ির আবদুল গফুর জানান, কিছুদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ অভিযোগ করেছিলেন যে, তার স্ত্রীর সঙ্গে তারেকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তারেককে জিজ্ঞাসাবাদের জন্য বলে নাহিদ।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনাগাজী থানা অফিসার ইনচার্জ কামারুজ্জামান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে স্থানীয় বিএনপি নেতারা ঘটনার রাজনৈতিক রুপ দিয়ে জামায়াতের উপর দায় চাপানোর অপচেষ্টার প্রতিবাদ করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ আবদুর রহীম। তিনি বলেন, আমরা এই নৃশংস হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে সাথে ঘটনা কে ভিন্ন খাতে প্রবাহিত করে শান্ত পরিবেশ কে অশান্ত করার লক্ষ্যে স্থানীয় জামায়াত কর্মীদের নাম ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, জামায়াত হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না।