পূর্বধলা উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাছুম মোস্তফা।

২২ ফেব্রুয়ারি (রবিবার) সকালে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি পরিচ্ছন্নতা অভিযানে রাস্তায় নামেন। কর্মসূচির উদ্বোধন করা হয় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে। এসময় এমপি মাছুম মোস্তফা নিজ হাতে রাস্তা পরিষ্কার করে কর্মসূচির সূচনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ হুজাইফা, উপজেলা জামায়াতের শুরা সদস্য মাসুদুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক ও সেক্রেটারি হাফেজ সাইদুল ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

এসময় এমপি মাছুম মোস্তফা বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পূর্বধলা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের সামাজিক কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।