মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মনোহরদী উপজেলায় সাতটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করার ঘটনা ঘটেছে। দিন ব্যাপি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। জানা যায় ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একদুয়ারিয়া ইউনিয়নের এনএন ব্রিকসকে একলাখ টাকা, চন্দনবাড়ী ইউনিয়নের মনোহরদী ডিজিটাল ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা, আলিফ মান্নান ব্রিকসকে এক লাখ টাকা, বড়চাপা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের বিবিএফ ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা একই গ্রামের সিবিএফ ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা, ব্রাইট রয়েল ব্রিকসকে (বি আর বি) এক লাখ টাকা, এমবিএফ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া জানান এই উপজেলার সাতটি ইট ভাটা অবৈধ ভাবে পরিচালনা ও কৃষি জমি মাটি ব্যবহারের দায়ে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে ইটভাটা পরিচালনার জন্য বৈধ কাগজ পত্র সংগ্রহ করার মর্মে ইটভাটার মালিকরা মুছলেখা প্রদান করেন।