চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

পবিত্র মাহে রমযান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার শহরের কলোনী মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ইফতারের আগে রমযান মাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, রমযান আতœশুদ্ধির মাস, যেখানে সংযম ও সহানুভূতি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে আর ভাগাভাগির মধ্যেই রয়েছে মানবতার সৌন্দর্য। রমযান ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে রোজা রাখা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, যা মানুষকে সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তিনি আরো বলেন, পবিত্র রমযান মাস দোয়া কবুলের মাস, সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। ইফতারের আয়োজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরেছি।

ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করছেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের উন্নয়নে যথাযথ ভূমিকা থাকবে। আপনাদের সহযোগিতায় বসবাসযোগ্য শহর গড়ে তোলা হবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

জামায়াতে ইসলামী ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি ইফসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, হাফেজ গোলাম রাব্বানী আবু সায়েমসহ স্থানীয় মুসল্লীগণ।

এদিকে, জেলা শহরের এক অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির জেলা সভাপতি ডাঃ এ. কে মহিউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক ডাঃ ময়েজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, ডাঃ মূর্শেদ জামান মিঞা, ডাঃ আল মামুন, ডাঃ মাহফুজ রায়হান, ডাঃ ইসরাফিল হক, ডাঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।