চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র রমযান মাসে গভীর রাতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের উত্তর হাটহাজারী থানার সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ূবীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হঠাৎ করে বাড়িটিতে অভিযান চালান। পরিবারের সদস্যদের দাবি, এ সময় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সালাউদ্দিন আইয়ূবীকে আটক করা হয়। আকস্মিক এ অভিযানে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সালাউদ্দিন আইয়ূবীর ছোট ভাই জহির উদ্দিন বাবর বলেন, তার ভাই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি অভিযোগ করে বলেন, “২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে করা একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। রমযান মাসে গভীর রাতে এভাবে তাকে ধরে নিয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।” তিনি আরও দাবি করেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন পরিবারের সদস্যরা। স্থানীয় কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন, গভীর রাতে অভিযান চলার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং এই ধরনের ঘটনা মানবিক দৃষ্টিকোণ থেকে দুঃখজনক। তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ৮১/১৭ এবং ৭৩/১৮ (১০-১২-১৩) নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।