বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) রাত ৯ টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি নিয়ন্ত্রণাধীন ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় গতকাল শুক্রবার সকাল থেকেই নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভজন পরিবহণে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানজিলুর রহমান বলেন- বাজারে অস্থিরতা তৈরি হলেই কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি মজুত কিংবা পাচারের অপচেষ্টা চালায়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেই ঝুঁকি আরও বেড়েছে।