কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেদ বলেছেন, সাতক্ষীরাবাসীকে আমি হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি, সাতক্ষীরার সকল মানুষের দায়িত্ব এখন আমাদের কাঁধে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম আগমনে ঘিরে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো, মিলেমিশে কাজ করবো। সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার যে প্রত্যয় আমরা ব্যক্ত করেছিলাম, লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সেই অঙ্গীকার বাস্তবায়নই এখন আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। নতুন সরকার গঠিত হয়েছে, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশাসনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আপনারাও প্রশাসনকে সহযোগিতা করবেন। সকলকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তাঁর নির্বাচনী এলাকায় পৌঁছান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
এ উপলক্ষে পাটকেলঘাটা হারুনুর রশীদ কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে বিনেরপোতা, নারকেলতলা মোড়, পোস্ট অফিস মোড়, কলেজ রোড, জেলা জামায়াত কার্যালয়, পৌরসভা দীঘির পাড়, নিউমার্কেট হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। পরে কদমতলা হয়ে ধলবাড়িয়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।