গাজীপুর মহানগরের গাছা এলাকায় প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত এক সেলসম্যান ও তার সহকর্মীদের ওপর হামলা চালিয়ে ব্যবসার নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এ সময় ছুরিকাঘাতে সেলিম (৩৭) নামে এক ডিস্ট্রিবিউটর গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে গাছা থানাধীন গাজীপুরা এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেলসম্যান সেলিমসহ তার সহকর্মীরা দিনের বিক্রির টাকা নিয়ে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। এ সময় গাজীপুরা এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ডিস্ট্রিবিউটর সেলিম গুরুতর আহত হন। এছাড়া রাজন (৩২) ও এরশাদ (৪২) নামে আরও দুইজন আহত হয়েছেন। আহত সেলিমের স্থায়ী বাড়ি ফেনি জেলার লক্ষীপুর এলাকায় বলে জানা গেছে। অপর দুইজন বর্তমানে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায় বসবাস করেন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে গাছা থানা, টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তিন থানার কর্মকর্তারাই ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ঘটনাস্থলটি থানাগুলোর সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কোন থানার আওতায় ঘটনা ঘটেছে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা যায়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, মহানগরের কয়েকটি থানার সীমান্তবর্তী এলাকায় এ ধরনের পরিস্থিতি কখনও কখনও তৈরি হয়। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিন থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে বলেও তিনি জানান।