বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে কৃষকদের জন্য সার, বীজ ও কীটনাশক ন্যায্য মূল্যে সহজলভ্য করা হবে এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে পাবনার চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে দেশের কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে এই বৈষম্যের অবসান ঘটানো হবে। ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী আমজাদ হোসেন বয়াতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির পাবনা জেলার প্রধান সমন্বয়ক আলম মোহাম্মদ রওশন এবং সদর উপজেলা নায়েবে আমির খন্দকার জাকারিয়া হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন আশরাফুল আলম হেলালসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে যুগোপযোগী সংস্কার আনা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ব্যবসা পরিচালনায় চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা হবে। চাঁদামুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ব্যবসা পরিবেশ নিশ্চিত করে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উৎসাহিত করা হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং অর্থনীতি শক্তিশালী হয়।

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, বিভাজনের রাজনীতি নয়, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এজন্য ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

পথসভায় এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।