সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি নেতার ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। তার অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ ঘটনা পরিদর্শন করে দায়ীদের দ্রুত গ্রেফতারের নিদের্শ দেন। তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান- বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে বিএনপি নেতা আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসি। ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা রহমান জানান- বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়।