বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘কুরআন পাঠ আন্দোলন’ এর পক্ষ থেকে অভিনন্দন জানানো যাচ্ছে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট পাওয়া যেকোনো রাজনৈতিক দলের জন্য সম্মানের এবং একইসাথে গুরুদায়িত্বের।
একটি ইনসাফভিত্তিক এবং নৈতিক সমাজ বিনির্মাণে সংগঠনের পক্ষ থেকে নতুন সরকারের কাছে প্রত্যাশা করা যাচ্ছে যে, এ সরকার যেন ন্যায়বিচার ও জবাবদিহিতার আদর্শকে ধারণ করে একটি দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং বিভাজন দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখে। ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শের দৃষ্টিকোণ থেকে যে কোন বিশ্বাসের মানুষ বা সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষা রাষ্ট্রের অন্যতম দায়, এই দায় পূরণে সরকার সজাগ দৃষ্টি রাখবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা করা যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, কেবল রাজনৈতিক সংস্কারই একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট নয়; বরং এর জন্য প্রয়োজন মানুষের আত্মিক ও নৈতিক সংস্কার। মাতৃভাষায় কুরআন পাঠ সেই পরিবর্তনের প্রধান সোপান। কুরআন পাঠ আন্দোলন সমাজের সর্বস্তরে মাতৃভাষায় কুরআন পাঠে উদ্বুদ্ধ করে, যা দায়িত্বশীল নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সাথে আমরা আশা করি, নবনির্বাচিত সরকার একটি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে কুরআনের শাশ্বত নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
পরিশেষে, কুরআন পাঠ আন্দোলন নতুন সরকারের সাফল্য এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।