কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১২ টায় দেবিদ্বার নিউ মার্কেট চত্তরে এর সামনে আয়োজিত মানববন্ধনে নারী অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফেরদৌসী আক্তার, জেলা সহকারী সেক্রেটারি জান্নাতুল মেওয়া, জেলা কর্মপরিষদ সদস্য সুমাইয়া জান্নাত লাইলী এবং দেবিদ্বার উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি কুলসুম খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের অধিকার বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।