কুষ্টিয়া খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমাদুল হাসান মানবিকতা, দায়িত্ববোধ ও জনদরদী মনোভাবের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি তার সহানুভূতিশীল দৃষ্টি, শিক্ষানুরাগ ও অগ্রগতিমুখী চিন্তাধারা সমাজে ইতোমধ্যেই অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামের বাসিন্দা মোঃ হাসিবুল ইসলামের কন্যা প্রেমা খাতুন মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং খোকসা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেন।

তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেদনমূলক পোস্টের মাধ্যমে তুলে ধরা হয়। পোস্টটি খোকসা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইউএনও জনাব মাহমাদুল হাসান গরিব মেধাবী শিক্ষার্থী প্রেমা খাতুন ও তার পিতার হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন। এর ফলে প্রেমার উচ্চশিক্ষার পথে আর কোনো বাধা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করা হয়—ইনশাআল্লাহ।

এ সময় প্রেমা খাতুনের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে এই মানবিক উদ্যোগে সহযোগিতা ও পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলকেও জানানো হয় আন্তরিক ধন্যবাদ।

সবার সম্মিলিত সহযোগিতায় আজ একটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন নতুন করে বেঁচে রইল।

শুভ কামনা রইলো প্রেমা খাতুনের উজ্জ্বল ও সফল ভবিষ্যতের জন্য।