মোংলা সংবাদাতা : পবিত্র রমযান মাস উপলক্ষে মোংলা পৌর শহরের কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পাঁচজন দোকানদারকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। বাজারে পণ্যমূল্য সহনীয় রাখা এবং ভোক্তা স্বার্থ রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, রমযানের শুরুতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও অনেকেই এর পরিধি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন, যাতে বাজারে কার্যকর প্রভাব পড়ে।

ক্রেতাদের অভিযোগ, রোজার আগে যে বেগুন প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ৮০ টাকায় পৌঁছেছে। একইভাবে আগে প্রায় ৭০০ টাকার খেজুর এখন ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। ফল, সবজি ও মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বলে তাদের পর্যবেক্ষণ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা নওশীনা আরিফ নিশ্চিত করেছেন, মোংলা শহরে কলার আড়তসহ পাঁচজন দোকানদারকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় পুরো রমযান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।