ঢাকার ফুটপাত ও সড়ক চলতি মাসের মধ্যে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে পুলিশ। তা না হলে পহেলা এপ্রিল থেকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট মালামালও জব্দ করা হবে। ফুটপাত ও রাস্তা থেকে দোকান, শোরুম, রেস্তোরাঁ, ওয়ার্কশপের বর্ধিতাংশ অপসারণ প্রসঙ্গে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে রেস্তোরাঁর রান্না করার বার্নার, হাড়িপাতিল, গ্রিল/কাবাব তৈরির মেশিন; মোটর ওয়ার্কশপের পুরাতন/নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি; ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল; পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের ফার্নিচার ফুটপাত এবং রাস্তার উপরে রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপ বা পার্টসের দোকানগুলো যে প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করা হয়, সে কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। পুলিশ বলছে, এসব কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে। পথচারীরা রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়। এ অস্থায় ঢাকার দোকান, ওয়ার্কশপ, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুটপাত ও রাস্তা থেকে মালামাল বা সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হল।