ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রাজনৈতিক সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। গত রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জামায়াতে ইসলামীর তিনটি নির্বাচনী কার্যালয়, একটি মুদি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বহনকারী বাসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জামায়াতে ইসলামীর অভিযোগ, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই এসব হামলার সঙ্গে জড়িত। অপরদিকে বিএনপি দাবি করছে, তাদের অফিস ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে জামায়াত কর্মীরা। পাল্টাপাল্টি অভিযোগে চৌদ্দগ্রাম কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার ছাত্রীদের বহনকারী একটি বাসে রোববার রাতের অন্ধকারে আগুন দেওয়া হয়। একই রাতে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়, ধনিজকরা বাজার এবং কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মুসলিম মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

অগ্নিকা-ে গাছবাড়িয়া বাজারে নাছির উদ্দিনের মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মালিকানাধীন মার্কেটের একাধিক দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানি নাছির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাত দুইটার দিকে মুখোশধারী তিনজন মোটরসাইকেলে এসে তালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয়। ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।”

এদিকে, বাসে আগুন দেওয়ার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেন।

অন্যদিকে, ধনিজকরায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতে পাঁয়তারা করছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে তারা তিনটি নির্বাচনী অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশে মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। চৌদ্দগ্রামের জনতা তাদের এ হীন উদ্দেশ্যে বাস্তবায়ন হতে দিবে না, ইনশাআল্লাহ।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাঙচুর করে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম জানান,“লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”