দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দিলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ সোমবার সকালে উপজেলার মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাস চালক শাহীন (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে মাইক্রোবাসের যাত্রী ইব্রাহিম (১৪)। তিনি একই উপজেলার উত্তর চালনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহত দুই যাত্রীকে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল। সকালের দিকে দাউদকান্দি উপজেলার মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চারজন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহীন ও ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছি এবং নিহতদের লাশ হেফাজতে নিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।