গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : মানবতার সেবায় নিরলস কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় রহনপুর’ ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর মুঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা সংগঠনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। তারা এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ‘মানবতার সেবায় রহনপুর’ গত ছয় বছর ধরে রহনপুর রেলস্টেশনে পথশিশু, ভবঘুরে, ভিক্ষুক এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি অসহায় রোগীদের স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে। স্থানীয় দানশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রম ইতোমধ্যে এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ডক্টর মিজানুর রহমান এমপি। এদিকে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক সেবার এ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে আগামী দিনগুলোতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।