চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : পবিত্র মাহে রমযান উপলক্ষে বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিরসনে চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন হাটহাজারী। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাটহাজারী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

মোবাইল কোর্টে মোট ১০টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ৫টি মামলায় ২৩ হাজার টাকা এবং উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ৫টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদ- দেওয়া হয়নি।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন—

১। ভাই ভাই ট্রেডার্স (৫,০০০ টাকা), ২। মেসার্স হাজী নিউ আবদুর রাজ্জাক স্টোর (৫,০০০ টাকা), ৩। খাজা গরীবে নেওয়াজ নারিকেল আড়ৎ (১০,০০০ টাকা), ৪। আল আমিন (২,০০০ টাকা), ৫। মো. রুবেল (১,০০০ টাকা) এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বেশ কিছু দখলকৃত অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়, যাতে সাধারণ মানুষ যানজটে ভোগান্তিতে না পড়েন। থানার সামনে পেঁয়াজের আড়তেও অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের কাঁচাবাজার সড়কের ওপর না বসানোর জন্য সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান মাসে বাজারে অরাজকতা, কৃত্রিম সংকট ও অন্যায্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।