গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় নাইট বিল ও বার্ষিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার কারখানার ভেতরেই অবস্থান নিয়ে কাজ বন্ধ রেখে তারা দাবি আদায়ে আন্দোলনে নামেন। এতে কয়েক ঘণ্টা উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া নাইট বিল এবং বার্ষিক ছুটির ভাতা পরিশোধ না হওয়ায় বুধবার দুপুর ১২টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। বিকেল পাঁচটার দিকে তারা কারখানা ত্যাগ করেন। পরদিন বৃহস্পতিবার সকাল আটটার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করলেও বকেয়া পরিশোধের নিশ্চয়তা না পেয়ে পুনরায় কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।

কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক আব্দুল মালেক বলেন, নিয়ম অনুযায়ী নাইট বিল পরের মাসের বেতনের সঙ্গে পরিশোধ করার কথা থাকলেও টানা তিন মাস ধরে রাতভর কাজ করেও যথাসময়ে বিল দেওয়া হয়নি। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত কাজ করতে হয়েছে, তবু পাওনা পরিশোধ হয়নি। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা সামছাম হোসেন জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়া নাইট বিলের মধ্যে এক মাসের টাকা বৃহস্পতিবার পরিশোধের সিদ্ধান্ত ছিল। তবে শ্রমিকরা একসঙ্গে তিন মাসের বকেয়া পরিশোধের দাবি জানিয়ে কর্মবিরতি চালিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানা ত্যাগ করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, কর্মবিরতির পর শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।