বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। সারাদেশে নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনা ঘটছে। অবিলম্বে এ হামলা লুটপাট বন্ধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনকে সেখানে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জিতে হামলা আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, জুলাই সনদে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে। তারা না ভোটের ক্যাম্পেইন করেছে। নির্বাচনের পর পেইড বুদ্ধিজীবীরা বলছে সরকার মানতে বাধ্য নয়। গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদের মতো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি জনরায় অমান্য করা হয়, তাহলে তাদের ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। গতকাল শনিবার সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মো. ইউনুস।

সেক্রেটারি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজো বাস্তবায়ন হয়নি। জামায়াতে ইসলামী একটি সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

ডময়া গোলাম পরওয়ার বলেন, ইতিহাসের জঘণ্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করতে নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাঁপে নাই।

তিনি আরও বলেন বলেন, জাতীয় নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতায় আপনারা বিচলিত হবেন না, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাছাড়া আপনারা ইসলামী আন্দোলনের কর্মী। আমাদের সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আমরা ক্ষমতা গ্রহণ করলে যেমন উচ্ছ্বাসের কিছু নেই, তেমনি পরাজয়ে হতাশারও কোনো কারণ নেই।