রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সমাজ-সেবক ও পেশাজীবী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপিকে সরকারী কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার উদ্যোগে নবনির্বাচিত এমপির সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ। প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরবাসীর বিজয়। আপনারা যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা আমি আমৃত্যু ধারণ করব। ইনশাআল্লাহ আমি জনগণের এমপি হিসেবে কাজ করবো- কোনো দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়।” তিনি আরো বলেন, “দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোদাগাড়ী-তানোরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।”