গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও জোরদার করা হয়েছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনের সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৮৪টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে স্থাপন কার্যক্রম অনেকটাই সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অর্থায়নে এই সিসিটিভি ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সী জানান, গোমস্তাপুর উপজেলায় মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৬টি করে এবং অন্যান্য কেন্দ্রে ৪টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

অন্যদিকে নাচোল উপজেলায় রয়েছে ৫৭টি ভোটকেন্দ্র। এর মধ্যে ৩৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৬টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার।

ভোলাহাট উপজেলায় মোট ৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন মাহমুদ। তিনি বলেন, “সিসিটিভি ক্যামেরা স্থাপন নির্বাচন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ধাপ।”

নির্বাচন কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের পুরো সময় কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই সিসিটিভি স্থাপনের মূল লক্ষ্য।

এতে করে নির্বাচন সহিংসতা প্রতিরোধ, ভোটকেন্দ্র ঘিরে গুজব ও অপপ্রচার মোকাবিলা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে।

এ ছাড়া বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের স্থায়িত্ব নিশ্চিত করাসহ সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি মোকাবেলায় আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সিসিটিভি নজরদারিকে একটি ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা—এই উদ্যোগ ভোটারদের আস্থা বাড়াবে এবং একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করবে।