টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জ জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক বায়তুলমাল সেক্রেটারি এবং সৌরভ বর্ণালী প্রকাশনীর সাবেক পরিচালক জহির উদ্দিন আহমদ (৮০) ইন্তিকাল করেছেন। তিনি গতকাল শনিবার ভোর ৭টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযায় শরিক হয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক এবিএম ফজলুল করীম।
শোকবার্তায় অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, মরহুম জহির উদ্দিন আহমদ ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি নিজ জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন ও সমাজে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন শিক্ষা ও দাওয়াহমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি নিজের সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, যা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি- তিনি যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
মরহুম জহির উদ্দিন আহমদ এক কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক এবিএম ফজলুল করীম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহ তায়ালার কাছে তাদের জন্য ধৈর্য্য ও শক্তি কামনা করেন। আমিন।