সাতকানিয়া সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, মানুষের যে কোনো দুর্যোগে পাশে দাঁড়ানোর নামই প্রকৃত রাজনীতি। যারা নিঃস্বার্থভাবে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখবে, জনগণ শেষ পর্যন্ত তাদেরই মূল্যায়ন করবে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসাইন পাড়া এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার লড়াই নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি মাধ্যম। আজ যারা বিপদে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে বলেন, “একটি আগুনে মুহূর্তের মধ্যে মানুষের বহু বছরের সঞ্চয় শেষ হয়ে যায়। এই কষ্ট লাঘবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা চেষ্টা করছি, কিন্তু এটি যথেষ্ট নয়- সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
শাহজাহান চৌধুরী আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. নুরুল হক, ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নেজাম উদ্দিন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমান এবং আল-আমিন জনকল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।