ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের প্রাণকেন্দ্র ভাওয়াল রাজবাড়ী মাঠ এখন জনসভাকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত। মঞ্চ, সাউন্ড সিস্টেম, ব্যানার–ফেস্টুন ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছে আয়োজকরা। দুপুরে এই মাঠেই ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল থেকেই রাজবাড়ী মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে আসছেন জামায়াত ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ, স্লোগান আর মানুষের ঢলে পরিণত হয়েছে গাজীপুরের ঐতিহাসিক এই প্রাঙ্গণ।
গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার আদায়ের আন্দোলনে আজকের এই জনসভা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে এই জনসভা গাজীপুরবাসীর ঐক্যের প্রতীক হয়ে উঠবে।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ভাওয়াল রাজবাড়ী মাঠের জনসভা থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা যাবে—গাজীপুর সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি প্রত্যাখ্যান করে ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের বক্তব্য আগামী দিনের রাজনীতিতে দিকনির্দেশনামূলক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পাশাপাশি নির্বাচনী রূপরেখা, গাজীপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় বজায় রাখা হচ্ছে বলেও জানানো হয়।
ভাওয়াল রাজবাড়ী মাঠে আজকের এই জনসভাকে ঘিরে গাজীপুরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। অনেকের চোখে, এই সমাবেশ আসন্ন নির্বাচনের আগে গাজীপুরের রাজনৈতিক মাঠে বড় বার্তা দিতে যাচ্ছে।