মোংলা সংবাদদাতা : রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে এ র্যালির আয়োজন করে মোংলা বন্দর বহুমুখী কওমি মাদরাসা। র্যালিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। রমজানের তাৎপর্য তুলে ধরে এবং পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
র্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পথিমধ্যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন এবং রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বানে একাত্মতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, রমজান মাসে নৈতিকতা, সংযম ও আত্মশুদ্ধির চর্চা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে আরও সচেতন করে তুলবে।