কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা-জোতপাড়া গ্রামের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক ২০ বছরেও সড়ক সংস্কার না হওয়ায় বেহাল দশায় যাতায়াতে চরম দুর্ভোগ উঠেছে। মাত্র ৪শ’ মিটারের এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, হোগলা-জোতপাড়া গ্রামের মানুষের চলাচলের সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও ইটের সলিং উঠে গেছে, আবার কোথাও মাটির রাস্তায় দেবে গেছে। ফলে চলাচলে চরম বিপাকে পড়তে হচ্ছে সবার।

স্থানীয়রা জানান, হোগলা-জোতপাড়া গ্রামে যাতায়াতের এটি একমাত্র কম দূরত্বের রাস্তা। বিশ বছর আগে সাবেক ইউপি চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমান রাস্তাটির নির্মাণ কাজ করলেও এরপর আর কোনো সংস্কার করা হয়নি। বছরের পর বছর ধরে রাস্তাটি ব্যবহার করে মাটি ও বালিবাহী ভারী যানবাহন চলাচলের ফলে বিভিন্ন অংশ ভেঙে গিয়ে রাস্তাটি মানুষের চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। কৃষি পণ্য, গবাদী খাদ্য, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতসহ জরুরি চিকিৎসা প্রয়োজনে চরম দুর্ভোগে রয়েছে তারা।

তারা আরও জানান, বছরের অন্যান্য সময়ে কষ্টে চলাচল করা গেলেও, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাঁদা-পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটির বিষয়ে একাধিকবার জনপ্রতিনিধিদের অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দ্রুত রাস্তাটির সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। নবনির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এব্যাপারে জানান, সড়কটির বিষয়ে আমিও অবগত হয়েছি। বরাদ্দ পেলে অগ্রাধিকারভিত্তিতে অত্র সড়কের সংস্কার করা হবে ইনশাল্লাহ।

এব্যাপারে কুমারখালী উপজেলা প্রকৌশলী নাজমুল হক জানান, এতোদিন রাস্তাটির আইডি ছিলো না। আইডিতে না থাকলে রাস্তায় নতুন কাজ অথবা মেরামতে জন্য বরাদ্দ দেয় না। রাস্তাটি আইডিভুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছি, অনুমোদন পেলে রাস্তাটির সংস্কার কাজ করা হবে।