বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, জাতির সুস্থতা, আনন্দ ও গৌরব খেলাধুলাতেই নিহিত। তাই জাতীয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ ও আনন্দময় জীবন। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাঠ নেইÑ ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।
গত সোমবার দুপুরে বিপিজেএ অডিটোরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ইম্পিরিয়াল হোটেল বিপিজেএ সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান সুমন, জাহিদুল ইসলাম সজল, সালেকুজ্জামান রাজীব, ফরিদ উদ্দীন সিদ্দীকী, মো. সৌরভ, খোকন শিকদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।
কাদের গনি চৌধুরী বলেন, সুস্থ দেহে সুস্থ মনÑএই চিরন্তন বাক্যটি আমাদের খেলাধুলার গুরুত্ব মনে করিয়ে দেয়। খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশী মজবুত করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অথচ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়টিকে আমরা বরাবরই উপেক্ষা করে আসছি।
তিনি বলেন, শিশুর বিকাশের মূলে রয়েছে খেলাধুলা। দুভার্গ্যজনক হলেও সত্য এখন আর শিশুদের খেলার মাঠে খুব একটা দেখা যায় না। ভোর সকালে সূর্যের মুখ দেখা যেতে না যেতেই ছেলেমেয়েরা একগাদা বই কাঁধে নিয়ে অথবা কোচিং সেন্টারের দিকে ছোটে। শৈশবের স্মৃতিচারণ করে বলেন,আমরা স্কুল থেকে ফিরে এসে বাড়িতে বই রেখে সামান্য কিছু মুখে দিয়েই খেলার মাঠে ছুটে যেতাম। ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ অনেক খেলাই চলত সমানতালে। কই পরীক্ষার সময় তো কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখিনি! বরং যেসব ছেলেমেয়ে খেলাবিমুখ ছিল, দিনদিন তাদেরই পিছিয়ে পড়তে দেখেছি। প্রবলভাবে খেলার মাঠের অভাব আমাদের দিনদিন খেলাধুলা থেকে বিচ্ছিন্ন করে ফেলছে।
বর্তমান প্রজন্মের মোবাইল ফোন আসক্তিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,আমাদের দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না। তারা স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। এর ফলে ভবিষ্যতে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।