বিএনপির নির্বাচনী ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে ৫৪টি জেলায় “নদী-নালা-খাল ও জলধারা খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে খোকসা উপজেলার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খালটির উদ্বোধন করা হয়।
খালটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের মধ্যে প্রথম পর্যায়ে ৩ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে, যার মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সদ্য নবনিযুক্ত কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন,খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার, খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আনিস-উজ-জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক আহমেদ মাহাবুব উল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।