চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি নবনির্বাচিত এমপিকে ফুল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবু হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী সহকারী জোন প্রধান মোঃ রফিকুল ইসলাম, নবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরনা হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি জীবনের ভেতর যেমন আল্লাহভীতি জাগ্রত হয়, তেমনি সমাজ জীবন থেকেও অন্যায় ও বেহায়াপনা দূর করার শিক্ষা দেয় রমজান। তিনি বলেন, সমাজের অশান্তি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে রমজানের শিক্ষার তুলনা নেই। এ শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও কল্যাণে সব মানুষকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। নির্বাচনে আমি একটি দলের প্রতিনিধি ছিলাম কিন্তু এখন সবার প্রতিনিধি। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।