জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি গতকাল সোমবার, বাদ ফজর মিরপুর ১০ নং গোল চত্বর সংলগ্ন কাফরুল পশ্চিম থানার সেনপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সাবেক প্রেস সেক্রেটারি ও কাফরুল পশ্চিম থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ খোরশেদ আলম খন্দকার এর মমতাময়ী মা নুরজাহান বেগমের নামাজে জানাজার ইমামতি করেন।

জানাজা পূর্ব বক্তব্যে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বক্তব্যে তিনি উপস্থিত মুসল্লিদের আল্লাহর আদেশ-নিষেধ, হুকুম-আহকাম, আইন ও কানুন মেনে চলার মাধ্যমে পরকালিন মুক্তি, আল্লাহর রেজামন্দী হাসিল ও জান্নাত প্রাপ্তির জন্য চেষ্টা করার আহ্বান জানান।

উল্লেখ্য, মৃত্যুকালে মরহুমা নুরজাহান বেগমের বয়স হয়েছিল ১০১ বছর। তিনি গত রোববার, রাত ১০টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত রোগে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি চার ছেলে, দুই মেয়ে, অনেক নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার বেতিহাটি গ্রামে।

জানাজা শেষে মরহুমাকে মিরপুর-১১ নং সেকশনের জান্নাতুল মাওয়া কবস্থান, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে দাফন করা হয়েছে।