চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও সরকারী সেক্রেটারী আব্দুল কাদেরের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গাবাসী ভোটের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনে সকলের সহযোগীতা প্রয়োজন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সরকারী সুযোগ-সুবিধা যেমন বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবেন না বলেও জানান তিনি। পাশাপাশি তিনি জেলার হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কর্মসূচি গ্রহণের কথা জানান। খুব শিগগির প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সমন্বিতভাবে কাজ শুরুর কথাও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ সহযোগীতা কামনা করেন।