নির্বাচন ডেস্ক
ঢাকা-৬ আসনের বংশাল থানার (৩৪ নং ওয়ার্ড) উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুরিটোলা স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান। জনসভায় আরও বক্তব্য রাখেন ঢকা-৭ নির্বাচনী এলাকার ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সরকার গঠনের একটি নির্বাচন নয়। ১২ ফেব্রুয়ারি ২টি নির্বাচন। এই দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ থেকে আধিপাত্যবাদের রাজত্ব ও ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের প্রত্যাশিত বাংলাদেশ কেন প্রতিষ্ঠিত হয়নি প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব ছিল। যারা বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ক্ষমতার মসনদে বসেছে তারা জনগণকে শোষণ করেছে। দুর্নীতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সম্পদশালী করেছে। জনগণের পকেট কেটে, বিদেশি ঋণ জনগণের ঘাড়ে তুলে দিয়ে নিজেরা বিদেশে দেশের সম্পদ পাচার করেছে। যার কারণে তাঁরা দেশের দুঃসময়ে কেউ দিল্লি কেউ লন্ডন পালিয়ে গেছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী জনগণকে রেখে কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। জনগণের সুখে-দুখে জনগণের পাশেই ছিল, আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ।