পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Development Forum।
রবিবার (১ মার্চ) কুমারখালী সরকারি কলেজ মাঠে সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিধবা, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রমাদান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময়। সেই চেতনা থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আফতাব উদ্দিন, কুমারখালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী সরকারি কলেজ-এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধু, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু, শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ-এর প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুজ্জামান শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, রমাদান মাস সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবানদের উচিত এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এমন উদ্যোগ সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিটি রমাদান ফুড প্যাকেজে ছিল—চাউল ১০ কেজি, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ১ কেজি, আলু ৩ কেজি ও ডাল ১ কেজি।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সহযোগিতাকারীদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট উত্তম প্রতিদান কামনা করেন।