গাজীপুরের কালীগঞ্জে দুই ওয়ার্কশপ মালিকের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে হাবিবুর রহমান হবি সিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ ওই ঘটনায় ৫ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হবি সিকদার মধ্য খলাপাড়া গ্রামের মৃত তালেব আলী সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিনের ফর্মা তৈরি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন সজিব মোল্লাকে মারধর করলে চিৎকার শুনে তার ফুপা হবি সিকদার এগিয়ে আসেন। পরে তাকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবি সিকদারকে মৃত ঘোষণা করেন। আহত সজিব মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইকবাল সিকদারসহ ৫ জনকে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ওয়ার্কশপের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।