নেত্রকোণা সংবাদদাতা : বাংলাদেশের সীমান্তবর্তী দু’টি উপজেলা নিয়ে ১৫৭, নেত্রকোণা-১ সংসদীয় আসনটি গঠিত। সীমান্তবর্তী একালা হওয়ায় চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস সহ অসংখ্য অপরাধীদের দৌরাত্ম্যে এটি অন্যতম ঝুঁকিপূর্ণ একটি আসন। এই আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ দিলেও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিকারের আশ্বস্ত করেও কার্যত: তেমন কোন ভূমিকা নিচ্ছেন না। এমনকি উনার প্রশাসনিক ভবনের আশেপাশেও বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল-এর নির্বাচনী পোস্টার অপসারিত হয়নি। তবে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অনেকটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছিলেন বলে সাধারণ ভোটাররা মনে করেন। গত ১৭ জানুয়ারি কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালানাকালে ম্যাজিস্ট্রেট “পারভেজ ভূঁইয়া” নামে স্থানীয় এক ব্যক্তিকে সরকারী জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে গ্রেপ্তার করেন। এসময় স্থানীয় ইউনিয়ন (লেঙ্গুরা) চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া (অভিযুক্তের বড় ভাই) মব সৃষ্টি করে ছাড়িয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এসময় উক্ত চেয়ারম্যান ক্ষমতার জোরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। যা পরবর্তীতে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে চেয়ারম্যান সাইদুর রহমান-কে তখন সাময়িক বরখান্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার এরপর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান-এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু হয়। হঠাৎ করে ২০ জানুয়ারি দিবাগত রাতে উক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বদলি করে একজন নারী প্রশাসককে স্থলাভিষিক্ত করা হয়। এই ঘটনায় নেত্রকোণা-১ আসনের সাধারণ জনগণ ও ভোটারের মনে চরম উৎকন্ঠা তৈরি হয়েছে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তারই প্রেক্ষিতে আজ (২১ জানুয়ারি) সকাল ১১ টায় কলমাকান্দা উপজেলা শহরে সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন “কলমাকান্দার সচেতন নাগরিক সমাজ”। মানববন্ধনে বক্তারা বলেন- “ন্যায় বিচার করতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারাই যদি লাঞ্চিত হোন, এলাকায় টিকতে না পারেন; তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আগামী নির্বাচনে সুষ্ঠু ভোট কিভাবে হবে? তাই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হোক।”
গ্রাম-গঞ্জ-শহর
ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নেত্রকোণায় লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ভোটাদের শঙ্কা
বাংলাদেশের সীমান্তবর্তী দু’টি উপজেলা নিয়ে ১৫৭, নেত্রকোণা-১ সংসদীয় আসনটি গঠিত।
Printed Edition