বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

গত রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে এসব চেক হস্তান্তর করা হয়। রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৮৪ টি পরিবারের মাঝে মোট ৩ কোটি ৩৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত পরিবার, রংপুর জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিআরটিএ চেয়ারম্যান বরেন,অন লাইনে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই করে আমরা অনুদান দিবো। আপনাদের আবেদনের ৯০ দিনের মধ্যে আপনারা অনুদান পাবেন। তিনি বলেন, আমরা আগামীতে ড্রাইভারদের জন্য ট্রেনিংএর ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামতে দেয়া হবেনা। আপনারা সচেতন হোন, সচেতনতার সাথে রাস্তায় চলাচল করুন।