ডিমলা (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজার এলাকায় একটি বিশাল আম গাছ এখন সবার দৃষ্টি কাড়ছে। হলুদ মুকুলে ঢেকে গাছটি যেন সোনালি আভায় ঝলমল করছে। ডালপালা জুড়ে ঘন মুকুলের সমারোহÑদূর থেকে দেখলে মনে হয়, প্রকৃতি নিজেই রঙের তুলিতে এঁকেছে এক জীবন্ত ছবি।
স্থানীয়দের ভাষায়, প্রতিবছর আম গাছে মুকুল আসে বটে, তবে এ বছরের মতো এত ঘন ও একসাথে মুকুল খুব কমই দেখা যায়। আশপাশের দোকানদার ও বাসিন্দারা জানান, সকাল-সন্ধ্যা বাজারে আসা মানুষজন গাছটির নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে সেই দৃশ্য। অনেকেই আশাবাদ ব্যক্ত করছেনÑ“এবার ফলন ভালোই হবে।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলেই গাছে প্রচুর মুকুল এসেছে। তবে ঝড়-বৃষ্টি ও পোকার আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে পারলে ভালো ফলনের সম্ভাবনা আরও বাড়বে। কয়েক মাসের মধ্যেই এই মুকুলগুলো পরিণত হবে সুস্বাদু আমে।
স্রষ্টার সৃষ্টির অপরূপ নিলয়ে দাঁড়িয়ে থাকা এই আম গাছটি এখন ডালিয়া নতুন বাজারের প্রাণকেন্দ্র। সোনালি মুকুলে মোড়া গাছটি যেন জানিয়ে দিচ্ছে—প্রকৃতির আশীর্বাদে সামনে আসছে সমৃদ্ধির মৌসুম।