চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের শোষণ করে কোনো সিন্ডিকেটকে বেআইনিভাবে আয় করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। গত সোমবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহাবাজপুর ইউনিয়ন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক তোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বুলবুল বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং কোনো প্রকার সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ্য করা হবে না। সোনামসজিদ স্থলবন্দরকে কেন্দ্র করে যাতে স্বচ্ছ ও ন্যায্য বাণিজ্য পরিবেশ গড়ে ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নই তিনটি আসনের সংসদ সদস্যদের মূল লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। সোনামসজিদ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ কাষ্টমস হাউজে পরিণত করা হবে, যা এই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ ও রাজস্ব ঘাটতি কমাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি .কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু গিফারী ও সেক্রেটারি আবু বকর, সাবেক এমপি মোহা. লতিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর নায়েবে আমীর এডভোকেট শফিক এনাতুল্লাহ, সদর উপজেলার আমীর আব্দুল আলিমসহ দলীয় নেতাকর্মীরা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।