বেরোবি সংবাদদাতা : ডিজাস্টার ক্যাফের উদ্যোগে রংপুরের কাউনিয়া উপজেলায় শতাধিক শিক্ষার্থীকে দুর্যোগ বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা শিক্ষা দেওয়া হয়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির প্রথম কার্যক্রম হিসেবে এই সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্যোগের ধরন, ঝুঁকি, প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং নিরাপদ আচরণ বিষয়ে সহজ ও ব্যবহারিক ধারণা দেওয়ার পাশাপাশি কুইজ ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। সেশনে শিক্ষার্থীদের আগ্রহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।
কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের কাউনিয়া উপজেলা মূলত তিস্তা নদীর একেবারে তীরবর্তী এলাকা। বছরের বিভিন্ন সময়ে বন্যাসহ নানা ধরনের দুর্যোগে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এসব বিষয় পরিবার ও সমাজের সঙ্গে শেয়ার করতে পারবে। এটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ। ডিজাস্টার ক্যাফের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”