সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের নূরুল ইসলাম বুলবুল বলেন, হামের প্রকোপ সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশের প্রায় ১০ শতাংশ হামের রোগী চাঁপাইনবাবগঞ্জে। বয়স কম হওয়ায় এর প্রভাবটা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। আরো বাড়তে থাকে তাহলে শিশুদের মৃত্যুর হার বেড়ে যেতে পারে। তিনি বলেন, যারা হামের টিকা গ্রহণ করেছে তাদের আক্রান্তের হার কম। তবে শিশুদের ৯ মাসের আগে হামের টিকা প্রদান করা হয় না। তাই তারা আক্রান্ত হচ্ছে বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ৬মাস বয়স থেকেই শিশুদের হামের টিকা প্রদান করা হবে এবং রোববার থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এখানে যে খাবার পানি সংকট তৈরি হয়েছিল সেই সংকট নিরসনের জন্য জরুরী ভিত্তিতে একটি ফিল্টার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছিল যা তাৎক্ষণিকভাবে বসানো হয়েছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরো ৮/১০ টি ফিল্টার বসানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে সেগুলো বসানো হবে এবং এর মাধ্যমে হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট দূর হবে। হাসপাতালে বিভিন্ন ধরনের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যেও এই কঠিন সময়ে একটু অতিরিক্ত দায়িত্ব পালন করে হলেও রোগীদের যথাযথ সেবা প্রদান করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ এমনিতেই একটি অবহেলিত জনপদ। এখানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও ১০০ বেডের খাবার, চিকিৎসক, স্টাফসহ অন্যান্য ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা ছিল। ২৫০ শয্যার সকল সুযোগ সুবিধা চালু করার জন্য প্রয়োজনীয় অফিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন অফিশিয়াল চিঠির অপেক্ষায় আছি। আশা করছি, শীঘ্রই সেটা পেয়ে যাবো। পরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের নিকট হামে আক্রান্ত রোগীদের জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আব্দুস সামাদ, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রব্বানী, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল পরিদর্শনে নূরুল ইসলাম বুলবুল এমপি
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
Printed Edition