চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) নগরীর দি কিং অব চিটাগাং কনভেনশন সেন্টার-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়া অর্জনের মাস। তিনি বলেন, কুরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা জাগ্রত রাখতে রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান আলোচক অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সিয়াম সাধনা মানুষকে সংযম, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। তিনি কুরআনের আলোকে ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডা. বেলায়েত হোসেন ঢালী, এনডিএফ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. খাইরুল আনোয়ার, এনডিএফ চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. এটিএম রেজাউল করিম প্রমুখ।
এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. রেজাউল করিম ও ইকবাল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুলসংখ্যক চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।