খুলনার কৈয়া বাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজারের সামনে চেকপোস্ট বসায়। দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি থামার জন্য সংকেত দেয়। গাড়ি থামলে পুলিশ তল্লাশি শুরু করে। মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। তবে কী পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা গণনা না করে বলা সম্ভব নয়। আটক ওই মাদক কারবারিকে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

যুবককে গুলি করে হত্যাচেষ্টা : খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌণে ১২ টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে ঘটনাটি ঘটে। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত যুবক ওই এলাকার শাহাদতের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদক কারবারের সাথে জড়িত। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।স্থানীয়দের বরাত দিয়ে খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সোহেলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।