অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে প্রেমিকার সঙ্গে বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ায় অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। উপজেলার ধোপাদী গ্রামে নতুনবাজার হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ যুবককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্তর বিশ্বাস কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়ক সংলগ্ন সাগর বিশ্বাসের ছেলে। পেশোয় সে একজন ট্রাকের হেলপার। গত ২ মাস ধরে অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি।
ট্রাক চালক সোহাগ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ আমার ট্রাকে হেলপার হিসেবে কাজ করে অন্তর। দুই মাস হয়েছে সে অভয়নগরের আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।