সিলেট ব্যুরো : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মুল লক্ষ্য। জামায়াত ধনী-গরীবের বৈষম্য দুর করে দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে চায়। এজন্য আমরা প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন, রিক্সা-ভ্যান গাড়ীসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি। এবছর আমরা যুবক-যুবতীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবক-যুবতীদের মাঝে কম্পিউটার বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দুর করা বড় চ্যালেঞ্জ। দারিদ্রতা দুর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংষ্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও মহানগর উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান প্রমুখ।